প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
টাঙ্গাইলে নিরাপদ ফল-ফসল আবাদে উদ্বুদ্ধ করতে কৃষক কংগ্রেস

টাঙ্গাইলের মধুপুরের প্রান্তিক কৃষকদের নিরাপদ ফল-ফসল-সবজি আবাদে উদ্বুদ্ধ করতে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করে।
মধুপুরের পাহাড়ী অঞ্চলে ক্ষতিকর রাসায়নিক বর্জন করে জৈবিক পদ্ধতিতে নিরাপদ ফসল ও সবজি চাষে কৃষকদেরকে উৎসাহিত করতে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ও জৈব সার ব্যবহারের সুফল নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া নিরাপদ ও জৈবিক পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পর রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল ইসলাম, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদাক আব্দুল লতিফ পান্না ও মধুপুরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল প্রমূখ।
কংগ্রেসে অংশ নেওয়া কৃষক আব্দুল আউয়াল জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা নিরাপদ চাষাবাদের বিষয়ে উৎসাহিত হচ্ছেন। ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী সুমি খাতুন বলেন, ‘কেঁচো সার তৈরি করে আমি এখন স্বাবলম্বী। আমার সাফল্য দেখে এখন প্রতিবেশীরাও এই সার তৈরিতে এগিয়ে আসছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, নিরাপদ ফসল উৎপাদনে কৃষি বিভাগ কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে। ইউএনও সাইফুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করলে ফসলের মান বাড়বে। তিনি নিরাপদ সবজি চাষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com